ছবি: বাংলা কিউআর
‘এক দেশ, এক কিউআর’ নীতি বাধ্যতামূলক
করার পর থেকে বাংলাদেশে বাংলা কিউআরের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে লেনদেনের
সংখ্যা যেখানে প্রায় দ্বিগুণ হয়েছে, সেখানে আর্থিক লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় তিনগুণেরও
বেশি।
রোববার (২৩ আগস্ট) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, গত ১ জুলাই থেকে এই উদ্যোগের আওতায় দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর
কোডের বদলে শুধুমাত্র একটি একক ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসের শুরুর দিকে
প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো বাংলা কিউআরের মাধ্যমে, যার আর্থিক পরিমাণ
ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। তবে গত এক সপ্তাহে এই চিত্র অনেকটাই পাল্টেছে। বর্তমানে
দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজার হয়েছে এবং লেনদেনের আর্থিক পরিমাণ
বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায়।
শুধু লেনদেনই নয়, বাংলা কিউআর গ্রহণকারী ব্যবসায়ীর
সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের ২১ জুলাই পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী,
দেশে বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা ১৬ লাখ থেকে এক লাফে ৩০ লাখের বেশিতে
উন্নীত হয়েছে।
বাংলা কিউআর সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ
অবদান রাখছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাংলা কিউআরের এই
ক্রমবর্ধমান ব্যবহার দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করবে। একই সঙ্গে
এটি একটি অধিকতর কার্যকর, সুবিধাজনক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম
গড়ে তুলতে সহায়তা করবে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।