advertisement
advertisement

‘আমার শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, রামদেবের কড়া সমালোচনা কঙ্গনার


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
‘আমার শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, রামদেবের কড়া সমালোচনা কঙ্গনার

advertisement

বলিউড অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের ‘গাটার জেনারেশন’ বা নর্দমার প্রজন্ম মন্তব্য নিয়ে সম্প্রতি কড়া সমালোচনা করেছিলেন যোগগুরু ও ব্যবসায়ী রামদেব। এবার তারই কড়া জবাব দিলেন কঙ্গনা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে রামদেবকে একহাত নেন 'কুইন' খ্যাত এই তারকা।

 

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে কঙ্গনা রানাউত সরাসরি লেখেন, "বাবাজি, আমার যৌবন কিংবা শোবারঘর নিয়ে অযথা দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। মানুষের মুখে ছড়ানো গুজব বা কানাঘুষার ওপর ভিত্তি করে যে কেউ যা খুশি কল্পনা করতেই পারে! তবে আমার বিরুদ্ধে অন্তত ভুয়া বা প্রতারণামূলক ওষুধ বিক্রির কোনো অভিযোগ নেই এবং এর জন্য আমাকে সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসনাও শুনতে হয়নি। এগুলো কোনো মনগড়া গুজব বা অনুমান নয়, এগুলো প্রমাণিত তথ্য। তাই দয়া করে আমাকে চরিত্র নিয়ে জ্ঞান দিতে আসবেন না। আপনার চেয়ে আমার চরিত্র অনেক বেশি ভালো। আমার বিরুদ্ধে কোনো ধরনের প্রতারণার অভিযোগ কখনও প্রমাণিত হয়নি।"

 

প্রসঙ্গত, এর আগে একটি সাক্ষাৎকারে কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্যের সমালোচনা করে রামদেব প্রশ্ন তুলেছিলেন, "ওর নিজের শৈশব আর যৌবন কেমন কেটেছে? তার অতীতের কীর্তিগুলোই বা কেমন ছিল? আমি আসলে এই ধরনের মানুষদের নিয়ে কোনো কথাই বলতে চাই না। দেশের যুবসমাজকে ‘নর্দমা’ বলে আখ্যা দেওয়াটা একপ্রকার বিকৃত মানসিকতারই লক্ষণ। এটি সম্পূর্ণ ভুল একটি কাজ। তার দলের লোকজনেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।"

 

সেই একই সাক্ষাৎকারে রামদেবকে যখন মনে করিয়ে দেওয়া হয় যে কঙ্গনা তার যোগব্যায়ামের একজন গুণগ্রাহী এবং নিজেকে 'সনাতনী' বলেও দাবি করেন, তার উত্তরে এই যোগগুরু বলেন, "কেউ আমার যোগের প্রশংসা করলেই কি আমি তার সব পাপকাজ ঢেকে রাখব?"

 

রামদেবের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা চলছিল যে, স্পষ্টভাষী কঙ্গনা এর পালটা জবাব দেবেনই। অবশেষে নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে দিলেন এই অভিনেত্রী।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর