সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা
দিয়ে তৈরি বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলো সঠিক নয় বলে তথ্য যাচাই বিশ্লেষণে
নিশ্চিত হওয়া গেছে। শনিবার (৩ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে
আয়োজিত সংবর্ধনা সভার এই আনুষ্ঠানিক ছবিটি প্রধানমন্ত্রীর অফিশিয়াল পেজে প্রকাশের পর
থেকেই ট্রাম্পের দাঁড়ানোর ভঙ্গি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যবহারকারী
একে ‘ফটো কাটআউট’ বা এআই দিয়ে তৈরি ছবি দাবি করেন। বিষয়টি নিয়ে জনসাধারণের পাশাপাশি জাতীয়
নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও পোস্ট দিয়ে ফ্যাক্টচেকারদের অবস্থান
জানতে চান। তবে বিভিন্ন এআই শনাক্তকরণ টুল ব্যবহার করে পরিচালিত পরীক্ষায় ছবিটিতে কোনো
কৃত্রিমতা বা এআই ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি।
বিশ্লেষকদের পর্যালোচনায় জানা গেছে, এই সাদৃশ্যের
মূল কারণ ছিল হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ফটো প্রোটোকল। অনুষ্ঠানে ট্রাম্প নির্দিষ্ট
এক স্থানে দাঁড়িয়ে ছিলেন এবং বিশ্বনেতারা পর্যায়ক্রমে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। নিরাপত্তা
নিয়মের কারণে কেবল হোয়াইট হাউসের নির্দিষ্ট আলোকচিত্রীই সব ছবি তুলেছেন। ফলে একই পটভূমি,
একই লাইটিং এবং একই দূরত্ব থেকে ছবি তোলার কারণে বলকান অঞ্চল ও পূর্ব ইউরোপের কসোভো,
আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়ার নেতাদের সঙ্গেও ট্রাম্পের ছবির ভঙ্গিতে হুবহু
মিল দেখা গেছে। তবে ট্রাম্পের হাতের অবস্থান ও হাসির অভিব্যক্তিতে কিছু স্বাভাবিক পার্থক্য
বিদ্যমান রয়েছে। তাছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তিনি করমর্দন
করেও ছবি তুলেছেন।
রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর দানের ছবি
নিয়েও একই বিতর্ক উঠলে তাঁদের দপ্তর থেকে জানানো হয়, হোয়াইট হাউস থেকে প্রক্রিয়াজাত
ছবিগুলো দেরিতে সরবরাহ করার কারণেই কয়েক দিন পর ছবিগুলো একযোগে প্রকাশিত হয়েছে। এছাড়া
বাংলাদেশে যে কাটআউট সদৃশ ছবিটি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল, সেটি আসলে ওপেনএআই
দিয়ে ব্যঙ্গ করে বানানো একটি আলাদা ছবি। অর্থাৎ, আনুষ্ঠানিক আয়োজনটির স্বাভাবিক ফটোগ্রাফি
প্রক্রিয়ার কারণেই ট্রাম্পের ছবির এই দৃশ্যমান সাদৃশ্য তৈরি হয়েছিল।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।