advertisement
advertisement

সীমান্তে নিহতের ঘটনায় পাল্টাপাল্টি তলব, পাকিস্তানি কূটনীতিককে কড়া বার্তা ভারতের


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৩:০২ পূর্বাহ্ণ
সীমান্তে নিহতের ঘটনায় পাল্টাপাল্টি তলব, পাকিস্তানি কূটনীতিককে কড়া বার্তা ভারতের

ফাইল ছবি

advertisement

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নিয়ে পাল্টাপাল্টি কূটনীতিক তলবের ঘটনা ঘটেছে। পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে দুই অনুপ্রবেশকারী নিহত হওয়ার পর পাকিস্তান ভারতীয় কূটনীতিককে তলব করে। এর কয়েক ঘণ্টা পর শনিবার (৩ অক্টোবর) ভারতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের শীর্ষ কূটনীতিক চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশে সহায়তার বিরুদ্ধে অবস্থান জানাতেই পাকিস্তানি কূটনীতিককে ডাকা হয়েছে। একই সঙ্গে গত ২ অক্টোবর পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের ঘটনা নিয়ে পাকিস্তানের করা অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, তিন ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং বিএসএফের সতর্কবার্তা উপেক্ষা করে বেড়ার দিকে এগিয়ে আসতে থাকলে নিরাপত্তার স্বার্থে বাহিনীটি ব্যবস্থা নিতে বাধ্য হয়।

 

ভারতের তরফ থেকে আরও জানানো হয় যে, এটি পাকিস্তানভিত্তিক সশস্ত্র মাদক পাচারকারী চক্রের একটি নিয়মিত অপতৎপরতার অংশ। ভারত সরকার এই অনুপ্রবেশ ও চোরাচালানের সঙ্গে পাকিস্তানি সীমান্তরক্ষীদের সম্পৃক্ততার তদন্ত এবং যথাযথ প্রতিকার দাবি করেছে। সেই সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি মেনে চলা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ছিল, বিএসএফ বিনা উসকানিতে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, যার জন্য একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর