ছবি: সংগৃহীত
বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যের কায়ুকতো শহরে
দেশটির সামরিক জান্তার যুদ্ধবিমান থেকে চালানো ভয়াবহ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহতদের একটি বড় অংশই নারী ও শিশু। রাখাইনের
সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে যে ঘটনায় ৫০ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয়
দাতব্যকর্মী ওয়েই হান ওং এই হতাহতের সংখ্যা সমর্থন করেছেন এবং ধ্বংসস্তূপ থেকে লাশ
উদ্ধারের তথ্য তুলে ধরেছেন। আরাকান আর্মির মুখপাত্র খাইং থুকার বক্তব্য অনুযায়ী, সামরিক
জান্তা জেনেশুনে সাধারণ মানুষের ওপর, বিশেষ করে জনাকীর্ণ বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও
আবাসিক ভবনে এই আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমগুলোও জানিয়েছে যে ব্যস্ত বাজারের ওপরই
সরাসরি এই বোমা ফেলা হয়।
এই প্রাণহানির ঘটনায় জাতিসংঘ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার
নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, রাখাইনের
সার্বিক পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশসহ আশপাশের দেশে থাকা রোহিঙ্গাদের নিজ দেশে
ফিরে যাওয়ার মতো উপযুক্ত ও নিরাপদ পরিবেশ এখনো তৈরি হয়নি। তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
গুতেরেসের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইন রক্ষা ও বেসামরিক
মানুষের জীবন বাঁচানোর ওপর জোর দেন এবং অবিলম্বে সামরিক সহিংসতা থামানোর আহ্বান জানান।
২০২১ সালে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকে সৃষ্ট রক্তক্ষয়ী গৃহযুদ্ধের জেরেই এই
হামলা চালানো হয়েছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।