ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে
আসা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধের ওপর থেকে ১০০ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা
দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি
অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই শূন্য শুল্ক সুবিধার আওতাভুক্ত
দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছে।
সুবিধা পাবে যেসব চিকিৎসা পণ্য:
এই ঘোষণার ফলে বেশ কিছু জটিল চিকিৎসায় ব্যবহৃত
ওষুধ শুল্ক ছাড়াই মার্কিন বাজারে প্রবেশ করবে। এর মধ্যে বিরল রোগের ওষুধ, সেল ও জিন
থেরাপি, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে তৈরি উপাদান, বন্ধ্যত্বের ওষুধ এবং
অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া রাসায়নিক, জৈবিক, পারমাণবিক ও
তেজস্ক্রিয় হুমকি মোকাবিলার চিকিৎসাসামগ্রী এবং কিছু প্রাণিচিকিৎসার পণ্যের পাশাপাশি
এসবের কাঁচামালও শুল্কছাড়ের সুযোগ পাবে।
নীতিমালা ও অন্তর্ভুক্ত দেশ:
ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন
থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার আলোকে এই শূন্য শুল্ক সুবিধার জন্য নির্দিষ্ট
শর্ত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্যচাহিদা পূরণে অপরিহার্য পণ্য এবং
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি থাকা দেশগুলোই কেবল এই সুবিধা পাবে।
এই বিশেষ তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল
সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া,
উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড,
যুক্তরাজ্য ও ভিয়েতনাম।
সাধারণ ও জেনেরিক ওষুধের নিয়ম:
বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে
বলা হয়েছে, এই তালিকার বাইরে থাকা পেটেন্টযুক্ত সাধারণ ওষুধগুলো যদি অন্য কোনো বিশেষ
সুবিধার যোগ্য না হয়, তবে সেগুলোর ওপর আগের মতোই ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে। তবে সাধারণ
জেনেরিক ওষুধ ও তার উপাদানগুলোর জন্য আলাদা নিয়ম রাখা হয়েছে, যা সেকশন ২৩২-এর আওতায়
আরোপিত শুল্কের আওতাভুক্ত হবে না।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।