ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন,
প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ যে
পরিমাণ অতিরিক্ত তহবিল বিতরণ সম্ভব, তিনি তাকে সমর্থন করেন। তবে অর্থ বিতরণের ক্ষেত্রে
তিনি ন্যায্যতা, স্বচ্ছতা এবং তা নিরীক্ষাযোগ্য হওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন।
তিনি স্পষ্ট করেন যে, একটি নির্দিষ্ট অঙ্ক
দিয়ে আলোচনা শুরু হলেও বৈশ্বিক নীতির জন্য একটি সমন্বিত সিদ্ধান্ত প্রয়োজন। তাই সদস্য
সংস্থাগুলোর দেওয়া প্রস্তাবগুলো একত্র করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরি করতে তিনি ফিফার
মহাসচিবকে নির্দেশ দিয়েছেন। এই মূল্যায়ন প্রতিবেদনটি আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের
বৈঠকে উপস্থাপন করার কথা রয়েছে।
মূলত উয়েফা ও কনকাকাফ সম্প্রতি ফিফার ২১১
সদস্যকে তাদের নগদ রিজার্ভ থেকে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার আহ্বান জানানোর পর এই
আলোচনা শুরু হয়।
এর আগে বিশ্বকাপের পর ‘ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামক ফিফার একটি
প্রাইভেট ইক্যুইটি পরিকল্পনা নিয়ে ফুটবল প্রশাসনে মতবিরোধ তৈরি হয়েছিল। ওই পরিকল্পনায়
বিশ্বকাপসহ অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য নতুন
কোম্পানি গঠন করে এর ২১ শতাংশ শেয়ার একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাব
ছিল। জাতীয় ফুটবল সংস্থাগুলোর তীব্র আপত্তির কারণে চার দিনের মধ্যেই তা বাতিল করা হয়।
তবে ইনফান্তিনো দাবি করেন যে, ফুটবলে বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি এবং ফিফার অতিরিক্ত অর্থ
সংগ্রহের উদ্দেশ্যেই ওই বাণিজ্যিক প্রস্তাব দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২৭ সালের মার্চ মাসে ফিফা সভাপতি
হিসেবে চতুর্থ মেয়াদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা
করতে চাইলে আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।