সংগৃহীত ছবি
প্রতিকূল আবহাওয়া, ভারী বৃষ্টিপাত, বন্যা
ও ভূমিধসের কারণে নেপালে অবস্থানরত বাংলাদেশি পর্যটক এবং ট্রেকারদের জন্য বিশেষ সতর্কবার্তা
জারি করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে এক নির্দেশনার
মাধ্যমে পর্যটকদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
পার্বত্য অঞ্চলে ট্রেকিংয়ে কড়াকড়ি:
দূতাবাস জানিয়েছে, নেপালের বিভিন্ন অঞ্চলে
অব্যাহত বৃষ্টি, ভূমিধস ও তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি
স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। বিশেষ
করে পর্যটন এলাকা পিসাং, চামে ও মানাং এবং এর আশপাশের এলাকায় চলাফেরায় অতিরিক্ত সতর্কতা
অবলম্বন করতে হবে। যারা অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলে ট্রেকিং বা পর্বতারোহণের
পরিকল্পনা করছেন, তাঁদেরকে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সব ধরনের নির্দেশনা নিবিড়ভাবে
মেনে চলার এবং তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্ঘটনাপ্রবণ এলাকায় থাকা পর্যটকদের করণীয়:
ইতিমধ্যে যারা নেপালের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে
রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ
নেওয়ার কথা বলা হয়েছে:
নিরাপদ স্থানে অবস্থান নিশ্চিত করা এবং নদীর
তীরবর্তী এলাকা ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ স্থানগুলো এড়িয়ে চলা।
এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার আগে আবহাওয়া
ও সড়ক যোগাযোগের বর্তমান পরিস্থিতি যাচাই করা।
যেকোনো জরুরি পরিস্থিতি এড়াতে স্থানীয় ট্রাভেল
অপারেটর এবং কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।