প্রতৃকি ছবি
আমাদের প্রাত্যহিক জীবনকে সহজ করতে স্মার্টফোনের
দ্রুত চার্জিং বা ফাস্ট চার্জিং প্রযুক্তির জুড়ি মেলা ভার। ৩০ ওয়াট দিয়ে শুরু হওয়া
এই প্রযুক্তি এখন ১০০ ওয়াট ছাড়িয়ে গেছে। কিন্তু এই দ্রুতগতির চার্জিং কি দীর্ঘমেয়াদে
ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর? পিসি ম্যাক-এর তথ্যের ভিত্তিতে ডিজিটাল ডেস্ক জানিয়েছে,
ফাস্ট চার্জিং সরাসরি ব্যাটারি নষ্ট করে না। তবে এর ফলে সৃষ্ট অতিরিক্ত তাপ দীর্ঘমেয়াদে
ব্যাটারির আয়ু ও স্বাস্থ্য কমিয়ে দিতে পারে।
যেভাবে ব্যাটারির কর্মক্ষমতা কমে:
বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই লিথিয়াম-আয়ন
ব্যাটারি ব্যবহৃত হয়। ফোন চার্জে বসালে এর ভেতরের লিথিয়াম আয়নগুলো একমুখী চলাচল করে
এবং ফোন ব্যবহারের সময় তা উল্টো দিকে প্রবাহিত হয়ে শক্তি জোগায়। এই পুরো প্রক্রিয়ায়
তাপ উৎপন্ন হওয়াটা স্বাভাবিক একটি বিষয়। ফাস্ট চার্জিংয়ে যেহেতু অল্প সময়ের মধ্যে বেশি
শক্তি ঢোকে, তাই তাপমাত্রাও কিছুটা বেশি বাড়ে। আর ব্যাটারি যদি দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত
তাপের মধ্যে থাকে, তবেই তার সক্ষমতা কমতে শুরু করে।
তবে আশার কথা হলো, বর্তমান স্মার্টফোনগুলোর
ব্যাটারি প্রযুক্তি অনেক বেশি আধুনিক। ফোন কোম্পানিগুলো ব্যাটারির স্থায়িত্ব ধরে রাখতে
এর ভেতরে নানা ধরনের সুরক্ষা ব্যবস্থা জুড়ে দিচ্ছে। ফলে হাজারো চার্জ সাইকেল পার হওয়ার
পরও ব্যাটারি ভালো থাকে।
ফাস্ট চার্জিংয়ের নিরাপত্তা ও সতর্কতা:
ফোনের জন্য সঠিক এবং অনুমোদিত চার্জার ব্যবহার
করলে ফাস্ট চার্জিং নিয়ে ভয়ের কিছু নেই। কারণ, আজকালকার ফোনগুলো চার্জ নেওয়ার সময় নিজেই
ভোল্টেজ, পাওয়ার এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি ডিভাইস অতিরিক্ত গরম হলে
ফোন নিজেই চার্জিংয়ের গতি ধীর করে দেয়।
তবে ব্যাটারির সুরক্ষা নিশ্চিতে ব্যবহারকারীদের
কিছু বিষয়ে সচেতন থাকতে হবে:
চার্জ দেওয়ার সময় ফোন অস্বাভাবিক গরম হচ্ছে
কি না, তা নজরে রাখতে হবে।
রোদ বা সরাসরি তাপ লাগে এমন স্থানে ফোন চার্জ
দেওয়া যাবে না।
তাপ আটকে থাকে এমন জায়গা, যেমন—বালিশ বা কম্বলের
নিচে রেখে চার্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
সস্তা বা নিম্নমানের অননুমোদিত চার্জার কোনোভাবেই
ব্যবহার করা যাবে না।
পরিশেষে বলা যায়, ফাস্ট চার্জিং নিয়ে ভয় পাওয়ার
কিছু নেই। উপযুক্ত চার্জার ও ফোনের নিজস্ব সুরক্ষা ব্যবস্থার কল্যাণে এটি অত্যন্ত নিরাপদ।
ব্যাটারিকে মূলত রক্ষা করতে হবে অতিরিক্ত তাপ থেকে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।