advertisement
advertisement

ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি ফেরাতে সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি ফেরাতে সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

advertisement

মাধ্যমিক (ষষ্ঠ শ্রেণি) থেকে শুরু করে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি ব্যবস্থা পুনরায় চালুর যৌক্তিকতা ও সম্ভাবনা পর্যালোচনা করে বিস্তারিত প্রস্তাব তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন, যা পরবর্তীতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের লক্ষ্য, বর্তমান কার্যক্রম এবং আর্থিক অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষার প্রসারে যে সার্বজনীন উপবৃত্তি চালু করা হয়েছিল, তার সুফল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, সেই উদ্যোগের ফলে বাল্যবিবাহ কমেছিল এবং মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে দারুণ অগ্রগতি হয়েছিল।

 

এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য পুনরায় উপবৃত্তি চালুর নির্দেশ দেন। এই কর্মসূচি চালু করতে প্রয়োজনীয় ব্যয়, সম্ভাব্য সুবিধাভোগী, বাস্তবায়নের কাঠামো এবং সামাজিক ফলাফল পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ রূপরেখা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্ররাও যাতে পড়াশোনায় উৎসাহিত হয়, সেজন্য মেধার ভিত্তিতে তাদের উপবৃত্তি প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

 

এছাড়া সভায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে ‘মিড-ডে মিল কার্যক্রম চালুর বিষয়েও বিশদ পর্যালোচনা হয়। শিশুদের জন্য প্রস্তুত করা খাবারের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং মানের ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার নির্দেশনা দেন। খাবার তৈরি ও সরবরাহের ব্যবস্থাপনায় দুটি পৃথক পদ্ধতির উপযোগিতা ও কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে পৃথক দুটি জেলায় পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) মিড-ডে মিল কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর