advertisement
advertisement

কড়া সুরক্ষায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
কড়া সুরক্ষায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানিবাহী গাড়িবহর কঠোর নিরাপত্তায় প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার ঈশ্বরদীর দাশুড়িয়া রেলগেট এলাকায়

advertisement

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানির (ইউরেনিয়াম) আরেকটি চালান এসে পৌঁছেছে। শনিবার দুপুরে সেনাবাহিনীর বিশেষ সুরক্ষায় জ্বালানিবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রথম আলোকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানিবাহী লরিগুলো প্রকল্প চত্বরে প্রবেশ করে। এসব জ্বালানি আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে বিদ্যুৎকেন্দ্রে সংরক্ষণ করা হবে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানি বহনকারী একটি বিশেষ কার্গো উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে শনিবার সকাল সোয়া সাতটায় সেনাবাহিনীর পাহারায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা দেয় গাড়িবহরটি।

এই বহরে তিনটি লরিতে করে ইউরেনিয়াম এবং পৃথক একটি গাড়িতে আনুষঙ্গিক সরঞ্জাম পরিবহন করা হয়। একই সঙ্গে বহরে উপস্থিত ছিলেন রাশিয়া থেকে আগত বিশেষজ্ঞ দলের সদস্যরা। এ সময় সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের বাড়তি চাহিদা পূরণ এবং দ্বিতীয় ইউনিট চালুর উদ্দেশ্যে রাশিয়া থেকে মোট নয়টি চালানে জ্বালানি সরবরাহের কথা রয়েছে। এর অংশ হিসেবে আজ একটি চালান পৌঁছাল এবং পরবর্তীতে আরও আটটি চালান দেশে আসবে। যাবতীয় প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলক ভিত্তিতে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরমাণু শক্তি কমিশনের বাস্তবায়নে এবং রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে। প্রকল্পটিতে ঠিকাদার হিসেবে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণের দায়িত্বে রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর