advertisement
advertisement

আমির হামজার গাড়িবহরে হামলা: জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জামায়াত সেক্রেটারির


Prekkhit Bangladesh | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ
আমির হামজার গাড়িবহরে হামলা: জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জামায়াত সেক্রেটারির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছবি: ফেসবুক থেকে নেওয়া

advertisement


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িবহরে বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।

গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলা জামায়াতের পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জামায়াতের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেন মিয়া গোলাম পরওয়ার, যা পরবর্তীতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, সংসদ সদস্য আমির হামজাকে প্রাণনাশের লক্ষ্যেই গণ অধিকার পরিষদের ক্যাডাররা তাঁর গাড়িবহরে এই পূর্বপরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে আমির হামজাসহ তাঁর পরিবারের সদস্য ও সফরসঙ্গী মিলিয়ে মোট সাতজন গুরুতর আহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে একজন নির্বাচিত আইনপ্রণেতার ওপর এমন প্রকাশ্য আক্রমণ দেশের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসনের মারাত্মক অবনতির স্পষ্ট প্রমাণ।

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, হামলার আগেই এমন অপ্রীতিকর ঘটনার আশঙ্কার কথা পুলিশকে অবগত করেছিলেন আমির হামজা। কিন্তু তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নিরব দর্শকের ভূমিকা ছিল অত্যন্ত দুঃখজনক। ঘটনার সময় পুলিশ যদি তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করত, তবে হামলাকারীরা এমন বেপরোয়া আচরণ করার সাহস পেত না।

বিবৃতির শেষাংশে আহত সবার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা। একই সাথে কুষ্টিয়া এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর