জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা ‘ছেলেখেলা’ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের বিচার অবশ্যই হবে। তবে তা হবে প্রচলিত আইন ও উপযুক্ত আদালতের মাধ্যমে, যাতে বিচারপ্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে।
আইনমন্ত্রী বলেন, দেশের মানুষ রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছে, সেটিকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি দাবি করেন, চব্বিশের আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন এবং হাজারো তরুণ আহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, “ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সুযোগ তৈরি করা হবে না। প্রতিটি হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে।”
আসাদুজ্জামান আরও বলেন, বিচার হবে না গোপনে; বরং যথাযথ প্রমাণের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা হবে। তাঁর ভাষ্য, সরকারের কাছে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক নেতা-কর্মী মামলা ও নির্যাতনের মুখে পড়েছেন। তাঁর দাবি, অতীতে অসংখ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল এবং বহু মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন।
অনুষ্ঠানে তিনি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম চালু করা হয়েছে এবং আন্তর্জাতিক সংকটের প্রভাব মোকাবিলায় সরকার কাজ করছে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আগের সরকারের সময়ে দেশে আইনের শাসনের সংকট তৈরি হয়েছিল। বর্তমান সরকার গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও আইনজীবী নেতারা।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।