advertisement
advertisement

‘এ দেশের মালিক জনগণ, সমৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে’-কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান


Prekkhit Bangladesh | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
‘এ দেশের মালিক জনগণ, সমৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে’-কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের কল্যাণ নিশ্চিত করে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাটে মাছের পোনা অবমুক্ত করার পর উপস্থিত মানুষের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের মানুষ বর্তমানে বিদ্যুৎ নিয়ে দুর্ভোগে রয়েছেন। অতীত সরকারের অব্যবস্থাপনার কারণে এ সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। সংকট কাটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ১০ বছরের পরিকল্পনা প্রকাশ করা হবে।

তবে সংকটকে কেন্দ্র করে কেউ যাতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রকৃত মালিক জনগণ। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে।

সরকারের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খাল খননের ফলে কৃষকেরা সেচের পানি পাওয়ার পাশাপাশি মাছ চাষের সুযোগ পাচ্ছেন। নারীদের শিক্ষার ক্ষেত্রেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। অনার্স পর্যন্ত নারীদের বিনা মূল্যে পড়াশোনার সুযোগ এবং উপবৃত্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

এ ছাড়া ১ কোটি ২০ লাখ শিশুকে বিনা মূল্যে স্কুলড্রেস ও স্কুলব্যাগ দেওয়ার উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রায় সহায়তা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান অভিযোগ করেন, আগের সরকার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে। তাঁর দাবি, ক্ষতিগ্রস্ত দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার কাজ করছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু), কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে পরে কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে। বিকেলে কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান ও সম্মানী প্রদানের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর