গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান
হামলার ফলে আগুন লেগে ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, শনিবার ভোরের এই হামলায়
নিহতদের মধ্যে এক খ্রিষ্টান মা ও মেয়েসহ মোট চারজন নারী রয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী
এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
অন্যদিকে, ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড
রেজিস্ট্যান্স কমিশন শুক্রবার এক পরিসংখ্যানে জানিয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলায় ৩০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহত
হওয়ার এই হার গত বছরের (২০২৫) তুলনায় ১১৪ শতাংশ বা দ্বিগুণেরও বেশি। এর মধ্যে ৭৩ শতাংশ
প্রাণহানি ঘটেছে নাবলুস, রামাল্লাহ ও আল-বিরেহ প্রদেশে।
পরিসংখ্যানে আরও বলা হয়েছে, গত সেপ্টেম্বর
মাসেই পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাঁদের সম্পদের ওপর ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা
২ হাজার ৫১টি হামলা চালিয়েছে। ওই মাসে ইসরায়েলি কর্তৃপক্ষের তাণ্ডবে ১৬৪ শিশু ও ৬৪
নারীসহ মোট ৩২০ জন ফিলিস্তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখ্য, গত জুন মাসেই জাতিসংঘের
১৪ জন বিশেষ প্রতিবেদক এক সতর্কবার্তায় জানিয়েছিলেন যে, ইসরায়েলি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়
ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কার্যক্রম মারাত্মকভাবে বেড়ে গেছে।