জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য
হওয়ার দাবিকে পুনরায় সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের
৮১তম অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বক্তব্য দেওয়ার সময় এই সমর্থন
ব্যক্ত করেন। তিনি জানান, নিরাপত্তা পরিষদে গ্লোবাল সাউথ তথা এশিয়া, আফ্রিকা ও লাতিন
আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি এবং এই প্রেক্ষাপটেই তিনি ভারত ও ব্রাজিলের স্থায়ী
সদস্যপদের প্রার্থিতাকে সমর্থন করছেন।
ল্যাভরভ পশ্চিমা দেশগুলোকে নতুন করে স্থায়ী
আসন দেওয়ার বিষয়ে আপত্তি জানান। তিনি বিশেষ করে জার্মানি ও জাপানের বিরোধিতা করে বলেন
যে, দেশ দুটি সামরিকবাদ ও প্রতিশোধের পথে অগ্রসর হচ্ছে। তাছাড়া তিনি বর্তমান স্থায়ী
সদস্যদের ক্ষমতা ও ভেটো অধিকার যেকোনো সংস্কারের পরও অক্ষুণ্ন রাখার পক্ষে মত দেন।
ভারতের দাবির পক্ষে মরিশাসও জোরালো অবস্থান নিয়েছে। সাধারণ পরিষদের অধিবেশনে মরিশাসের
পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল বিশ্বমঞ্চে ভারতের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করিয়ে
দিয়ে তাদের প্রার্থিতার প্রতি সমর্থন জানান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বর্তমানে ১৫ সদস্য
নিয়ে গঠিত। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন হলো ভেটো ক্ষমতাসম্পন্ন
স্থায়ী সদস্য এবং বাকি ১০টি সদস্য রাষ্ট্র দুই বছরের জন্য অস্থায়ীভাবে নির্বাচিত হয়।
এই কাঠামোর কোনো সংস্কার করতে চাইলে জাতিসংঘ সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন
এবং পাঁচ স্থায়ী সদস্যসহ দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হয়।
ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে রাশিয়ার সমর্থন থাকা সত্ত্বেও, চীনের তীব্র বিরোধিতা ও
অন্যান্য সদস্যরাষ্ট্রের মধ্যে মতপার্থক্যের কারণে নিরাপত্তা পরিষদের বৃহত্তর সংস্কার
প্রক্রিয়াটি এখনো অনিশ্চয়তার আবর্তে রয়েছে।