সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী
প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ সূচকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ১৫৯ স্কোর নিয়ে দূষিত
শহরের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে ঢাকা। জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও উন্নয়নকাজের
প্রভাবে দূষিত হওয়া ঢাকার এই বাতাসকে জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত
করা হয়েছে।
তালিকায় শীর্ষ পাঁচ শহর:
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী,
অস্বাস্থ্যকর বাতাস নিয়ে তালিকার শীর্ষস্থানটি ভারতের কলকাতার দখলে, যাদের স্কোর ১৯৬।
এরপরেই ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর
১৭২ স্কোর নিয়ে তৃতীয়, পাকিস্তানের লাহোর ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ এবং কাতারের দোহা ১৬০
স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।
দূষণের মাত্রা ও বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি:
বায়ুর মান নির্ধারণে আইকিউএয়ারের নির্দিষ্ট
মানদণ্ড রয়েছে। এর মধ্যে স্কোর ০-৫০ হলে অনেক ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই
অস্বাস্থ্যকর এবং ৩০১-এর ওপরে হলে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
এই মাত্রার দূষণের পরিণতি সম্পর্কে বিশ্ব
স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, বায়ুদূষণের কারণে ক্রনিক অবস্ট্রাকটিভ
পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার, স্ট্রোক, হৃদরোগ এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের
মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ছে। এসব কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ
মানুষের মৃত্যু হচ্ছে।