ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র রোববার (১৩ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
নদীবন্দরে সতর্কসংকেত ও ঝোড়ো হাওয়া:
পূর্বাভাস অনুযায়ী, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর
ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার
বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব
এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকার আবহাওয়া ও তাপমাত্রা:
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে
বলা হয়েছে:
আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস
প্রবাহিত হতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল
২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ঢাকায়
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ট্রেস পরিমাণ
বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সূর্যাস্ত এবং
আগামীকাল ভোর ৫টা ৪৪ মিনিটে সূর্যোদয় হবে।