বঙ্গোপসাগরে
একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০
কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত
হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সম্ভাব্য ওই এলাকার নদীবন্দরগুলোকে
১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার
(১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বাংলাদেশ আবহাওয়া
অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার
অঞ্চলের ওপর দিয়ে মূলত দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার
বেগে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোতে আবহাওয়া অফিসের পক্ষ থেকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে
বলা হয়েছে।